বগুড়া শহরের আল-আমিন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মার্কেটের ৩য় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুচনা হয়। পরে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের ২ ঘন্টা প্রচেষ্টায় রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
এই অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমানও জানা যায়নি।
এব্যাপারে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ২ ঘন্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। যার দরুণ বড় ধরণের ক্ষতি কিছুটা হলেও এড়ানো সম্ভব হয়েছে।
বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় জানান, অপ্পো, কেজিটেল ও শাওমি কাস্টমার কেয়ারে সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি, তবে আগুণ নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। তবে উক্ত মার্কেটে বৈদ্যুতিক সংযোগ পরিকল্পিতভাবে না থাকার কারণে এমন দুর্ঘটনা বার বার ঘটেই যাচ্ছে যা অতিদ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে জানান তিনি।
ঘটনাস্থলে শুরু থেকেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী ও সদর পুলিশ ফাঁড়ির একাধিক সদস্য সাধারণ মানুষের ভিড় নিয়ন্ত্রণসহ শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসকে পরোক্ষভাবে সহযোগিতা প্রদান করেন।
বার্তাবাজার/অমি