বিদ্যুতের বকেয়া বিল না দেয়ায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান রাখীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত ২৪ আগস্ট বগুড়া বিদ্যুৎ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই পরোয়ানা জারি করলেও সোমবার (০৬ সেপ্টেম্বর) বিষয়টি গনমাধ্যমে প্রকাশ হলে জানাজানি হয়।
ইসরাত জাহান রাখী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সহধর্মিনী। আদালত জানায়, গত ১৬ মার্চ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ইসরাত জাহান রাখীর নামে ৪৯ হাজার ৬৭৪ টাকার বিদ্যুৎ বিলের বকেয়া পাওয়া যায়।
পরে এ ব্যাপারে সরকার বাদী হয়ে তার নামে মামলা দায়ের করেন। মামলা চলাকালে বকেয়া টাকা পরিশোধ না করায় ২৪ আগস্ট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এব্যাপারে মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান রাখী জানান,করোনার আগে ভ্রাম্যমাণ আদালত তার বাড়ির বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। এরপর এ প্রসঙ্গে কেউ কিছু বলেনি। মঙ্গলবার বকেয়া টাকা পরিশোধ করবেন বলে জানান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, এখন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএস/বার্তাবাজার