নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদ এলাকায় মাটি খুঁড়ে পাইপলাইনে দুটি ছিদ্রের সন্ধান পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে মাটি খোঁড়ার পর বিকেলে এ ছিদ্র দুটির সন্ধান মেলে। এরপরও তিতাসের শ্রমিকরা সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটি খোঁড়ার কাজ চালিয়ে যান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম বলেন, ‘লিকেজ সন্ধান এবং মসজিদের নিচে কোনো পুরোনো পাইপলাইন আছে কি না, খতিয়ে দেখতে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে।’
বিকেল পৌনে ৩টার দিকে মসজিদের উত্তর পাশে বেজমেন্টের একটু ওপরে পাইপলাইনে দুটি ছিদ্র পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার গ্যাস সরবরাহ চালু করে সেই ছিদ্র দুটি পরীক্ষা করে দেখা হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে পশ্চিম তল্লা বাইতুস সালাত জামের মসজিদের সামনে ৪০ থেকে ৫০ জন শ্রমিক বিভিন্ন সরঞ্জাম নিয়ে মাটি খোঁড়ার জন্য কাজ শুরু করেন। মসজিদের পূর্ব দিকে, পূর্ব দিকের সামনের সড়ক ও উত্তর দিকের দুইটি স্থানে আরসিসি কেটে তিতাস গ্যাসের পাইপলাইন শনাক্তের চেষ্টা চালান তারা। মাটি খনন করার সময় মসজিদের উত্তর দিকে আবাসিক সংযোগের পাইপলাইনে তারা দুটি ছিদ্র দেখতে পান।
কেএস/বার্তাবাজার