রাজধানীতে ভুয়া বিসিএস ক্যাডার আটক

রাজধানীর উত্তরায় উপ-পুলিশ কমিশনারের অফিস থেকে বিসিএস ক্যাডার পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ হাফিজুর রহমান (৪২) নিজেকে ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ও বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত বলে দাবী করেন।

উত্তরা পূর্ব থানার এসআই ইশতিয়াক বলেন, আটককৃত প্রতারককে উপ-পুলিশ কমিশনারের অফিস থেকে উত্তরা পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উত্তরা দক্ষিণখান জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুরে জমি সংক্রান্ত অনৈতিক তদবির নিয়ে আসে এই প্রতারক। প্রতারক নিজেকে তখন ২২তম বিসিএস ক্যাডার ও বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক পরিচয় দেন। তার কথাবার্তা ও আচার আচরণে সন্দেহ হলে খোঁজ নেয়া হয় বাংলা কলেজে। জানা যায় এই নামে সেখানে কোন প্রভাষক কর্মরত নেই। পরে তাকে আটক করা হয়। তাকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ ও মামলার প্রক্রিয়া চলছে।।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর