ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

সাতকানিয়া সদর ইউনিয়নের বালারপাড়ার হযরত শাহ সুফি সৈয়দ ইব্রাহিম রহমতুল্লাহ (আ.) হেফজখানা ও ইসলামিয়া এতিমখানার ১৩ বছরের এক ছাত্রকে যৌন নির্যাতনের (বলৎকার) অভিযোগে মো. বেলাল উদ্দিন (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে (রবিবার) রাতে গ্রেফতার করেছে পুলিশ।

ওই ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, শিক্ষক বেলাল গত ছয় মাস ধরে ওই ছাত্রকে যৌন নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত ২০ আগস্ট তাকে যৌন নিপীড়ন করেন তিনি। গত বৃহস্পতিবার ওই ছাত্র হেফজখানা থেকে পালিয়ে বাড়িতে চলে গিয়ে যৌন নির্যাতনের বিষয়টি সে তার মা-বাবাকে জানায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সঙ্গে পরামর্শ করে রোববার রাতে বেলাল উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন ওই ছাত্রের বাবা।

ওই ছাত্রের বাবা বলেন, ‘শিক্ষকের যৌন নির্যাতনের কারণে আমার ছেলে বিভিন্ন সময় মাদ্রাসা থেকে পালিয়ে আসত। মাদ্রাসায় যেতে চাইতো না, ওই শিক্ষক ভয় দেখানোর কারণে এত দিন সে বিষয়টি আমাদের জানায়নি। গত বৃহস্পতিবার আমার ছেলে আবারও বাড়িতে চলে আসে। তাকে জোর করে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করলে কান্নাকাটি করে শিক্ষকের যৌন নির্যাতনের বিষয়টি সে আমাদের বলে।

বিষয়টির ব্যাপারে শিক্ষকের কাছে গেলে সে বিভিন্নভাবে সমঝোতার চেষ্টা চালায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের পরামর্শে তার বিরুদ্ধে মামলা করি।

সাতকানিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ওই মাদ্রাসা শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর