নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর এবার মসজিদের আশেপাশের এলাকায় খোঁড়াখুড়ির কাজ শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। তিতাসের কয়েকজন কর্মকর্তা ও সিবিএ নেতার উপস্থিতিতে আজ (সোমবার) সকালে মসজিদটির সামনে ও ডান পাশের গলিতে এই অনুসন্ধানের কাজ শুরু হয়।
এ বিষয়ে তিতাসের কেন্দ্রীয় সিবিএ সভাপতি কাজিম উদ্দিন বলেন, মসজিদে বিস্ফোরণের পর তিতাসের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল ওয়াহাবকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। সেই কমিটির নেতৃত্বে গ্যাস সংযোগের কোথায় ত্রুটি বা লিকেজ আছে, তা বের করার জন্য এই খোঁড়াখুঁড়ির কাজ চলছে।
তিতাসের নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম বলেন, ‘এটি তদন্তকাজের অংশ। আমরা লাইনটা বের করার চেষ্টা করছি। লাইনটা বের করে আমরা দেখব, এর অবস্থানটা কোথায় এবং এখানে কোনো লিকেজ আছে কিনা, এটি আমরা আইডেন্টিফাই (চিহ্নিত) করব। অভিযোগ এসেছে যে, গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এখানে কোনো লিকেজ আছে কিনা, লিকেজ থেকে দুর্ঘটনার কোনো আশঙ্কা তৈরি হয়েছে কিনা, সেটাই আমরা আইডেন্টিফাই করব। এখানে তদন্ত কমিটি কাজ করবে।’
বার্তাবাজার/এসজে