ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। গতরাত (রোববার) আড়াইটায় ফেনী ডায়াবেটিস হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজিজ আহমদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
আজিজ আহমদ চৌধুরী ১৯৩৯ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন। বাবা সুলতান আহম্মদ চৌধুরী ও মা আজিজের নেছা চৌধুরানী। তাঁর পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের হাসানপুর চৌধুরীবাড়ী। ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে বিএ পাস করার পর শিক্ষকতা পেশায় যোগ দেন। কিছুদিন পর রাজনীতি আর সমাজসেবায় সক্রিয় হন।
বার্তাবাজার/এসজে