নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন।
সোমবার (০৭ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের।
ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার বলেন, আজ রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বিচারপতি জে বি হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে। রিটের পক্ষে আদলতে শুনানি করবেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
এখন পর্যন্ত নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন।
এখিন পর্যন্ত মারা গেছেন- ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১) ও মনির ফরাজি (৩০)।
গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বার্তা বাজার কে.কে