ক্রেতা সেজে দোকান থেকে লাখ টাকা চুরি!

ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে কয়েকজন ব্যক্তি। পরে একেকজন একেক ধরনের পণ্য দেখাতে বলে দোকানিকে ব্যস্ত রাখেন। দোকানির মনোযোগ অন্যদিকে সরে গেলে এই সুযোগে একজন ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে সটকে পড়েন।এমনই এক ঘটনা ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গায়।

রবিবার সকাল সাড়ে ১১টায় বাজারের রড ও সিমেন্ট ব্যবসায়ী স্বপন কুন্ডুর দোকানে অভিনব এই কায়দায় নগদ এক লক্ষ টাকা চুরি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

দোকানে থাকা সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুুটেজে দেখা যায়, কয়েকজন ক্রেতা দোকানে প্রবেশ করেন। এসময় দোকান মালিক স্বপন কুন্ডু ক্যাশ বাক্স থেকে উঠে গিয়ে ক্রেতাদের মালামাল দেখাতে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে এক ব্যক্তি ক্যাশ বাক্স খুলে একটি টাকার বান্ডিল পকেটে নিয়ে দ্রুত সটকে পড়ে।

এ বিষয়ে দোকান মালিক স্বপন কুন্ডু জানান, হঠাৎ দোকানে কয়েকজন ক্রেতা প্রবেশ করে। আমি তখন ভুলক্রমে ক্যাশ বাক্সে তালা না দিয়ে ক্রেতাদের মালামাল দেখাতে দোকানের সামনে থেকে পিছনের অংশে যাই। পরে এসে ক্যাশ বাক্স খুলে দেখি এক লক্ষ টাকার বান্ডিলটি নেই।

তিনি আরো জানান, আমার দোকানে থাকা সিসি টিভির ফুটেজে দেখি টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। ফুটেজে চোরের ছবি দেখতে পেলেও তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করীম জানান, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর