কিশোরগঞ্জে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জের কৃষক বদিউর রহমান হত্যা মামলার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন ৯ জন।

আজ (রোববার) দুপুরে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি আব্দুস সাত্তার পলাতক থাকলেও অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. তবারক হোসেন, আবু তাহের, মো. মেনু মিয়া,মো. আনোয়ার হোসেন ও মো. নুরুল ইসলাম। আসামিরা সবাই করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুলাই দুপুরের দিকে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক বদিউর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে ও বল্লমবিদ্ধ করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ২৬ জুলাই নিহতের ছেলে গোলাপ মিয়া বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ নভেম্বর ১৭ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল সিদ্দিক। মামলার বিচারকাজ চলাকালে আ. বারিক নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট জীবন কুমার রায় ও আসামিপক্ষে অ্যাডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর