নেত্রকোণায় প্রেমঘটিত বিরোধে আদালত প্রাঙ্গণেই বন্ধুকে ছুরিকাঘাত করায় আটক করা হয়েছে রবিউল আলম বিজয় (২৩) নামের এক যুবককে। আজ (রোববার) দুপুরে নেত্রকোনা জজকোর্ট চত্বরে এই ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত যুবকের নাম আজহারুল ইসলাম। সে পূর্বধলা উপজেলার ভুগী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গুরতর আহতাবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি-সংক্রান্ত মামলায় হাজিরা দিতে রোববার আদালতে এসেছিলেন তিনি।
অপর দিকে অভিযুক্ত রবিউল আলম বিজয় (২৩) নেত্রকোণা সদর উপজেলার হোসেনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন।
আটকের সময় রবিউল আলম বিজয় বলেন, আমরা দু’জন বন্ধু। বন্ধু এক মেয়ের নাম্বার আমাকে দিয়েছিলো। নাম্বারের সূত্র ধরে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ওই মেয়ের জন্য অনেক অর্থ ও সময় নষ্ট হয় আমার। পরে তিনি জানতে পারেন মেয়েটি তার চাচাতো বোন এবং বন্ধুর যোগসাজশে এসব ঘটিয়েছে ওই মেয়ে।
এ ব্যাপারে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন জানান, রবিউলকে হাতেনাতে ছুরিসহ আটক করা হয়েছে। সে ছুরি দিয়ে আজাহারকে পেটে ছুরিকাঘাত করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত কারণ পরে বলা যাবে।
বার্তাবাজার/এসজে