ঠাকুরগাঁও সদর হাসপাতালের ২টি লিফটই অকেজো, ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। এ জেলাসহ পার্শ্ববর্তী পঞ্চগড় ও দিনাজপুরের বীরগঞ্জসহ কয়েকটি জেলার মানুষ চিকিৎসা সেবার ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ওপর নির্ভরশীল।
গত বছর এ হাসপাতালটি ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলে এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা পাওয়ার জন্যে অনেকটাই আশাবাদী হয়ে ওঠে। চলছিলো ঠিক সে ভাবেই। কিন্তু গত বেশ কিছুদিন ধরেই হাসপাতালের ওঠা-নামার জন্যে ব্যবহৃত লিফট দুটিই অকেজো হয়ে পড়েছে। এ অবস্থায় ছয় তলা বিশিষ্ট ভবনটির ৫ম ও ৬ষ্ঠ তলাতেই সার্জারি এবং মেডিসিন বিভাগ থাকায় প্রতিদিন অনেক কষ্ট করেই উঠানামা করছেন শতশত রোগী। প্রতিনিয়তই ভোগান্তিতে পড়েছেন সার্জারি বিভাগের রোগী ও তাদের স্বজনরা।
শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, মর্জিনা আক্তার নামের এক পা ভাঙ্গা মধ্য বয়সী এক মহিলা রোগীকে তার স্বজনরা কোলে করে সার্জারী বিভাগে তুলছেন।
ওঠা-নামার ক্ষেত্রে সাহায্যের জন্য স্বজন না থাকায় হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছেন অনেক রোগী। পঞ্চগড়- ঢাকা মহাসড়কটি অতিমাত্রায় ব্যস্ত একটি সড়ক হওয়ায় এখানে প্রায় প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনার আহত এসব রোগীদের সিড়ি বেয়ে উপরে তোলাটাও একটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়।
এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তোরণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন রোগীর স্বজন ও ভুক্তভোগীরা।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিবুল আলম চয়ন জানান, টেকনিক্যাল কারনেই লিফট দুটি বন্ধ রয়েছে। আমরা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা টেকনিশিয়ান পাঠিয়ে যত দ্রুত সম্ভব লিফট দুটি মেরামতের ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বস্ত করেছে।
বার্তা বাজার / ডি.এস