লাইকি ভিডিও বানাতে গিয়ে মুখ ঝলসে গেল শিক্ষার্থীর

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাইয়ে লাইকি ভিডিও বানাতে গিয়ে মুখ ঝলসে গেছে মেহেদী হাসান স্বপন (১৮) নামে এক শিক্ষার্থীর। মেহেদী ওই ইউনিয়নের মহিধরখন্ড ক্ষেত্র গ্রামের আমিনুর রহমানের ছেলে।

অভাবের সংসারে বায়না ধরে এক সপ্তাহ আগে ভূট্টা বিক্রির ১৩ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা নিয়ে মোবাইল কিনতে কুড়িগ্রাম যায় মেহেদী হাসান স্বপন(১৮)। মোবাইল কেনার পর মোবাইলে যেন তার সবকিছু। স্থানীয় ছেলেদের দেখাদেখি সে লাইকি ভিডিও বানাতে ব্যস্ত হয়ে পড়ে। ছোট ছেলেদের নিয়ে বিভিন্ন রকমের বিনোদনমূলক লাইকি ভিডিও বানায় এবং তা লাইকি অ্যাপসে আপলোড করে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে চাচাতো ভাইদের নিয়ে বাড়ির পাশে ফাঁকা জমিতে লাইকি ভিডিও বানাতে যায় মেহেদী। মুখে পেট্রোল নিয়ে মুখ দিয়ে আগুন বের করার ভিডিও বানাতে চেয়েছিল মেহেদী। সেই আগুন মেহেদীর পুরো মুখে লেগে মূখ ঝলসে যায়। সে মাটিতে হামাগুড়ি দিতে থাকে। চাচাতো ভাইদের চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

মেহেদীর মা ফাতেমা বেগম জানান, “আমাদের অভাবের সংসার। এলাকার ছেলেদের দেখাদেখি সেও মোবাইল কেনার জন্য বাড়িতে চাপ দিতে থাকে। পরে তার(মেহেদীর) চাপ সামলাতে না পেরে মোবাইল কেনার জন্য এক সপ্তাহ আগে ১০ হাজার টাকা দিই। আর আজ এই অবস্থা। এখন চিকিৎসা করার মত টাকা নাই।”

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর