আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে নারী কর্মীর মৃত্যু

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতার চুরিকাঘাতে শিল্পী বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে এবং লাভলী পারভীন নামে একজন আহত হয়েছে।

আজ রবিবার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এ হত্যাকাণ্ডের মূল হোতা চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বড় ভাই সাইফুল ইসলাম ও ভাতিজা সাদ্দাম হোসেনকে আটক করেছে।

নিহত শিল্পী বেগম (৪০) চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত ইদ্রীস আলী মন্ডলের সহধর্মিনী ও আহত লাভলী পারভীন নিহতের ছোট বোন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বড় চৌগ্রাম মাঠে পূর্বপুরুষের ভোগদখলীয় প্রায় দুই একর জমি চাষাবাদ করে আসছেন স্থানীয় কৃষক হায়দার আলী মন্ডল। এখন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম নিজেকে ওয়ারিশ সূত্রে ওই জমির মালিল হিসাবে দাবি করেন। তাই উভয় পরিবারের মধ্যে সৃষ্টি হয় বিরোধ।

আজ রবিবার সকাল ৯টায় আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম লোকজন নিয়ে জোরপূর্বক ওই জমি চাষ করতে যায়। তখন কৃষক হায়দার আলীর দুই মেয়ে আওয়ামী লীগ কর্মী শিল্পী বেগম ও তার ছোট বোন লাভলী পারভীন বাঁধা দেয়। বাঁধা দেওয়ায় রবিউল ইসলামের লোকজন দুই বোনকে ছুরিকাঘাতে রক্তাক্ত করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষনা করেন।

চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন বলেন, ‘নিহত শিল্পী বেগম আওয়ামী লীগের এক নিষ্ঠ কর্মী ছিলেন। তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্টের দায়িত্ব পালন করতেন।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর