দ্বিতীয়বারের মত আটক ভুয়া নারী আইনজীবী

আইনজীবী না হয়েও মামলা পরিচালনা করতে গিয়ে দ্বিতীয়বারের মত আটক হলেন সুফিয়া খানম রিমি ওরফে মৌ নামের এক নারী। আজ (রোববার) ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিল্ডিং গেটে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন তিনি। ধরা পড়ার সময়ও এক মোয়াক্কেলের সঙ্গে মামলার তদ্বির করছিলেন তিনি।

এর আগে গত বছর মে মাসে একই অপরাধে ধরা পড়েন তিনি। সেই মামলায় জামিনে মুক্ত হয়ে আবারও শুরু করেছেন প্রতারণা।

এবার মৌকে ধরতে টাউট উচ্ছেদ কমিটির অভিযানের নেতৃত্বে ছিলেন ঢাকা বারের সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান। পরে ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী আফরোজা সুলতানা ইভা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় দণ্ডবিধির ৪১৯ ধারায় একটি এজাহার দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি আইনজীবী না হয়েও দীর্ঘদিন ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। একই অপরাধে ২০১৯ সালের ৫ মে তিনি আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন। সেসময়ও তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর