দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৮ বছর পূর্বে পারিবারিক দ্বন্ডের জেরে এক ব্যক্তি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেছেন বিচারক। এছাড়াও মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে মামলাতে খালাশ প্রদান করেছে বিচারক।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আনোয়ারুল হক এই রায় প্রদান করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট গরুহাটি এলাকার মৃত আফিজুল টিকরীর ছেলে আক্কাছ আলী ওরফে আলতু। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ২ আসামি হলেন বোচাগঞ্জ উপজেলার ধনতলা দফাদারপাড়ার মৃত নেফাজ উদ্দীনের ছেলে মো. রিয়াজুল ইসলাম ওরফে মশা ও একই উপজেলার মুর্শিদহাট হাজীপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল।
এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছে আদালত।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন জানান, নিহত ও আটক আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্ড ছিল। ২০১২ সালের ১৪ জুলাই বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট এলাকার আব্দুর রহমানের ছেলে মশিউর রহমান জেন্টেলকে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন ১৫ জুলাই নিহতের পিতা আব্দুর রহমান বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিচার চলাকালীন সময়ে মামলার ১আসামি মারা যান। আজ রবিবার দুপুরে বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে ১ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন।
অপরদিকে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার রেজাউল ইসলাম, মো. রুবেল ও রুমানা আক্তারকে বেকসুর খালাশ প্রদান করে।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মেহেরুল ইসলাম ও বাদী পক্ষের আইনজীবী ছিলেন ইমামুল হক।
বার্তা বাজার / ডি.এস