‘বাঘ এসেছে , বাঘ দেখা গেছে’ এমন আতঙ্কের পর অবশেষে বনবিড়াল আটক করেছে এলাকাবাসি। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সীমান্তবর্তী শিবচন্ডি গ্রামের লোকজন এই বনবিড়ালটিকে আটক করে। সীমান্তবর্তী ওই চা বাগানে কর্মরত চা শ্রমিকরা মেছো বাঘ মনে করে এটিকে আটক করে।
খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়েছেন। প্রাণীটিকে পঞ্চগড়ে নিয়ে আসবেন বলে তারা জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলেও তারা জানান।
দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন আলী জানান, সীমান্তবর্তী শিবচন্ডি গ্রামের চা বাগানে শ্রমিকরা কাজ করছিল। এসময় ওই প্রাণীটি তাপস ও আলম নামে দুজন চা শ্রমিককে তাড়া করে। তারা সেখান থেকে পালিয়ে এসে চা বাগানে কর্মরত অন্যান্য শ্রমিকদের বিষয়টি বললে সকল শ্রমিক মিলে ধাওয়া করে ওই প্রাণীটিকে আটক করে। পরে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ইছামুলের বাড়ির সামনে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। এরপর বনবিভাগকে খবর দেওয়া হয়। বনবিভাগের কর্মকর্তারা এসে প্রাণীটিকে উদ্ধার করে পঞ্চগড় নিয়ে আসছেন। প্রাণীটিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করে।
চা বাগান শ্রমিক আলম জানান, আমরা চা বাগানে কাজ করছি এমন সময় বাগানের ভেতর থেকে একটি বাঘ আমাদের ওপর আক্রমণ করতে আসে। এসময় আমরা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে আসি। আমাদের অন্যান্য সহকর্মীদের খবর দেই। পরে সবাই মিলে মেছো বাঘটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হই।
তেঁতুলিয়া উপজেলা বন বিভাগের বন বিট কর্মকর্তা শহিদুর রহমান জানান, স্থানীয়দের খবর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাণীটির ছবি দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের কাছে পাঠানো হয়েছে। তার নির্দেশে প্রাণীটিকে পঞ্চগড় বন বিভাগের খাচায় সংরক্ষন করা হবে।
দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, ছবি দেখে নিশ্চিত হয়েছি এটি মেছো বাঘ নয়, এটি বন বিড়াল। বন বিড়ালটিকে দিনাজপুর নিয়ে আসা হবে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রাণীটিকে কোথায় রাখা হবে তা পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত, সাহেবীজোত ও তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের উষা পাড়া ও বাদিয়াজোত এলাকার পরিত্যক্ত চা বাগান ও জঙ্গলে বাঘের আতঙ্ক বিরাজ করেছিল। পরে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতায় চা বাগান ও জঙ্গল পরিস্কার করেন। কিন্তু সেখানে বাঘের কোন সন্ধান পাননি।
বার্তা বাজার / ডি.এস