চট্টগ্রাম কক্সবাজারে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে (৩০) শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে।
গতদিন শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় সোয়া ১২টার দিকে কক্সবাজার জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। সুজাউদ্দিন রুবেল সময় টিভির পাশাপাশি স্থানীয় কাজগ দৈনিক কক্সবাজারেও কাজ করেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য তিনি ।
রুবেলের সহকর্মীরা জানান, শনিবার রাত প্রায় সোয়া ১২টার দিকে সুজাউদ্দিন রুবেল দৈনিক কক্সবাজার পত্রিকায় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। জেলা পরিষদের সামনে হঠাৎ একজন দুর্বৃত্ত পেছন থেকে তার গলা টিপে ধরলে এক পর্যায়ে শ্বাসরোধ হয়ে সুজাউদ্দিন রুবেল মাটিতে ঢলে পড়েন। সে সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা আইফোনসহ দু’টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে মোহাম্মদ ঈসমাইল নামে একজন পথচারী রুবেলকে উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানায় ভর্তি করেন।
পথচারী মোহাম্মদ ঈমাইল বলেন, প্রেসক্লাবের সামনে বসে আমরা কয়েকজন চা খাচ্ছিলাম। হঠাৎ সে সময় তিনজন যুবক পালিয়ে যেতে দেখা যায়। তখন কিছুটা দূরে জেলা পরিষদের সামনে একজন ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে থানায় তারপর হাসপাতালে নিয়ে যাই।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তাকে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
আহত সাংবাদিক সুজাউদ্দিন রুবেল জানান, অফিসের কাজ শেষ করে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ পেছন থেকে একজন ব্যক্তি এসে আমার গলা টিপে ধরেন। সে সময় অটোরিকশা চালকসহ চারজন ছিলেন বলে জানান তিনি।
আহত রুবেল আরও বলেন, আমার পকেটে টাকা ছিল। কিন্তু দুর্বৃত্তরা টাকা নেয়নি। তবে আইফোনসহ দুটি মোবাইল নিয়ে গেছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সওয়ার সোহেল এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনাটি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে।
বার্তা বাজার কে.কে