বগুড়ার শিবগঞ্জে নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছমা আহম্মেদ এই আদেশ দেন।
এব্যাপারে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বার্তা বাজারকে বলেন, ঐ ঘটনায় শিবগঞ্জ থানায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়। মামলার আসামিরা এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। পরে রোববার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহনেওয়াজ বিপুল ও মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমীর ফেরদৌস রহমানসহ আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২২ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কাগইলের রাস্তা নামক স্থানে জাতীয় পার্টি প্রার্থীর লাঙ্গল মার্কার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করার দায়ে বিএনপির ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।
বার্তা বাজার / ডি.এস