ফরিদপুরের নগরকান্দায় শামছুন্নাহার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জুংগরদী গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শামছুন্নাহার ওই গ্রামের সিরাজ মুন্সীর ছেলে সৌদি প্রবাসী আল আমীন মুন্সীর স্ত্রী। সে বরিশালের গৌরনদী উপজেলার শ্রীনদী গ্রামের নান্নু খালাশির মেয়ে।
শামছুন্নাহারের শ্বশুর সিরাজ মুন্সী জানান, শনিবার রাতে খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি শামছুন্নাহার গলায় ওড়না পেঁচিয়ে বারান্দায় আড়ার সাথে ঝুলছে। পরে আমার চিৎকারে প্রতিবেশীরা এসে মাটিতে নামিয়ে দেখে শামছুন্নাহার মারা গেছে।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
বার্তা বাজার / ডি.এস