মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে ঘরের আড়ার সাথে নাসিমা খাতুন (১৫) নামের এক নব বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নব বধূ নাসিমা খাতুন চেংগাড়া গ্রামের সাকিল হোসেনের স্ত্রী।
আজ রোববার দুপুরের দিকে স্বামীর ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় নাসিমার মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
নাসিমা খাতুনের মা একই গ্রামের বিলকিছ খাতুন জানান, কয়েক মাস আগে আমার মেয়ে নাসিমার বিয়ে দিই সাকিলের সাথে। আমার মেয়ে বয়সে খুবই ছোট। সে সংসারের সব কাজ করতে পারে না।এবং আমার জামাতা প্রায়ই যৌতুক দাবি করে। যৌতুকের দাবি পূরণ করতে পারিনি।
এ কারণে সে আমার মেয়েকে শারীরিক ভাবে নির্যাতন করে। তার সকল দাবি পূরণ করতে পারিনি বলে আমার মেয়েকে আগে লাঠি দিয়ে মেরেছে পরে শ্বাসরোধে হত্যা করে নিজের দোষ আড়াল করার জন্য লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।
এদিকে নাসিমার মরদেহ উদ্ধারের পরপরই স্বামী সাকিল গাঁ ঢাকা দিয়েছেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।
বার্তাবাজার/এমকে