ত্রিদলীয় চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলোয়ারদের নিলাম অনুষ্ঠিত

আগামী অক্টোবর মাসে পাবনার চাটমোহরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ত্রিদলীয় চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল)। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল লীগে অংশগ্রহণকারী তিনটি দলের খেলোয়ারদের নিলাম অনুষ্ঠান। রাজধানীর বাইরে জেলা বা উপজেলা পর্যায়ে এটাই প্রথম কোনো লীগে খেলোয়ারদের নিলাম অনুষ্ঠিত হলো।

চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে আজ রোববার দুপুরে স্থানীয় ডায়মন্ড ফুড কর্নার এন্ড কমিউনিটি সেন্টারে অনাড়ম্বর অনুষ্ঠানে খেলোয়ারদের নিলাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে লটারীর মাধ্যমে তিনজন আইকন প্লেয়ারকে বাছাই করে নেন তিন দলের কোচ ও ম্যানেজার।

তাদের মধ্যে চাটমোহর ওয়ারিয়রস-এ রাসেল শেখ, চাটমোহর ফাইটার-এ মোবারক হোসেন এবং চাটমোহর রাইডার্স-এ সজিব কুমার দাস অন্তর্ভূক্ত হয়। পরে এ প্লাস, এ, বি ও সি ক্যাটাগরীর অন্তর্ভূক্ত ৪৬ জন খেলোয়ারকে লটারীর মাধ্যমে ডেকে নেয় দল তিনটি।

চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, গত ২৫ আগস্ট ত্রিদলীয় ক্রিকেট টুর্নামেন্টের নিবন্ধন ফর্ম বিতরণ শুরু হয়। ৩১ আগস্ট পর্যন্ত লীগে অংশ নিতে রেজিস্ট্রেশন ফরম পূরণ করেন ৬১ জন ক্রিকেটার। তার মধ্য থেকে সর্বমোট ৪৯ জন ক্রিকেটারকে নিলামের জন্য বাছাই করে চাটমোহর ক্রিকেট একাডেমী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর