ইউএনও ওয়াহিদাকে বিদেশ নেয়ার প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমকে এখনই বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সে হাসপাতালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগী এখন যে পর্যায়ে আছে তাতে করে তাকে দেশের বাইরে নেয়ার কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তখন সেটা সিদ্ধান্ত নেয়া হবে। ওয়াহিদা খানমের চিকিৎসায় যা যা দরকার, তার সবই দেয়া হবে।

তিনি বলেন, ইউএনও ওয়াহিদা আমার সঙ্গে কথা বলেছে। আমার কাছে মনে হয়েছে উনি এখন অনেক ভালো অবস্থায় আছেন। উনার আঘাতপ্রাপ্ত স্থানে ৮ জন চিকিৎসক আড়াই ঘণ্টা ধরে সফলতার সঙ্গে অপারেশন করেছেন। উনার ডান দিকের অংশটা এখনও অবশ আছে। চিকিৎসক বলেছেন, ফিজিক্যাল থেরাপি দিলে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে। এরকম একটা জটিল রোগীকে সফলতার সঙ্গে নিউরো সায়েন্স চিকিৎসা দেয়ায় আমরা গর্বিত। প্রধানমন্ত্রী নিজেও রোগীর সম্পর্কে সবসময় খোঁজখবর রাখছেন।

তিনি আরও বলেন, সোমবার সকালে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ হবে। এখনও ইনফেকশনের লক্ষণ দেখা যায়নি। দোয়া করি, ইনফেকশন যেন না হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর