হবিগঞ্জের চুনারুঘাটে গ্রামে দু-দল চোরাকারবারীর মাঝে সংঘর্ষে ইয়াকুত মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ সংঘর্ষে প্রতিপক্ষের রমজান আলীকে (৪০) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে আরও ৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টায় উপজেলার ভারতীয় সীমান্তবর্তী টেকেরঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেকেরঘাট গ্রামের জমসের আলীর ছেলে ইয়াকুত ও একই গ্রামের আব্দুল খালেকের পুত্র রমজানের মাঝে চোরাচালানের মালামাল কেনা-বেচা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্য বাঁধে।
এতে আরো জানা যায়, সংঘর্ষে আহত ইয়কুত মিয়াকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রমজান আলীকে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
বার্তাবাজার/এমকে