কোচিংয়ের নামে ছাত্রীদের সাথে টিকটক ভিডিও বানান শিক্ষক!

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে করোনাকালেও কোচিং সেন্টার পরিচালনা ও সেখানে পড়তে আসা ছাত্রীদেরকে নিয়ে টিকটক ভিডিও বানানোর অভিযোগ উঠেছে তুষার গাজী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে ওই কোচিং সেন্টারের ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

অভিযুক্ত তুষার গাজী একই উপজেলার সুন্দ্রা গ্রামের গাজী নাসির উদ্দিনের ছেলে।

আজ (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে ওই কোচিং সেন্টারে গিয়ে দেখা যায়, সেখানে ৭-৮ জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের ছাত্র পরিচয়দানকারী তুষার গাজী।

করোনাকালে সারাদেশে কোচিং সেন্টারসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা থাকলেও তিনি কেন চালু রেখেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিভাবকদের অনুরোধে ১৬ আগস্ট থেকে উচ্চ মাধ্যমিকের দুটি ব্যাচে ১৬ জন শিক্ষার্থীকে পাঠদান করছি।

পাশাপাশি ভাইরাল টিকটক ভিডিওর ব্যাপারে তিনি জানান, এগুলো অনেক আগের তৈরি করা ভিডিও। ছাত্রীরাই আমার ভিডিও’র সাথে যুক্তকরে টিকটক ভিডিও তৈরি করেছে।

তবে পরিচয় গোপন রেখে এক অভিভাবক জানান, সপ্তাহখানেক আগে ওই শিক্ষক আমার বোন এবং আরো কয়েকজন ছাত্রীকে দিয়ে এ টিকটিক ভিডিও তৈরি করেছেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল ধরনের প্রাইভেট, কোচিং এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে তদন্ত করে তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর