নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
আজ (শবিবার) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, লঞ্চ ডুবিসহ নানা দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই দেশব্যাপী অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে। সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও কোন জবাবদিহিতা নেই বলেই অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এমন এক দু:সময়ে বাস করছি প্রতিদিন মৃত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম। নানাবিধ কারণে কেন এতো দুর্ঘটনা ও মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখে এর প্রতিকার করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বারবার দুর্ঘটনায় মানুষের মৃত্যুকে যেন খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুুঁজে বিচারের আওতায় আনা হয় না বলেই দুর্ঘটনার মাত্রা বর্তমানে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের বিষ্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এর সঙ্গে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
বার্তাবাজার/এসজে