নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে নিহতদের লাশ। স্বজন হারানো মানুষের কান্নায় তখন ভারি হয়ে উঠিল পুরো এলাকা। আজ (শনিবার) বিকাল ৫টা পর্যন্ত একে একে নিয়ে যাওয়া হয়েছে ১২ জনের মরদেহ। সারিসারি লাশ রাখা হচ্ছে মাঠে। জানাজা শেষে হবে দাফন। এর মাঝে সন্ধ্যা ৬টায় নিহত এক শিশুর জানাজা সম্পন্ন হয়েছে।
বিকালের দিকে একে একে নিহতদের মরদেহ নিয়ে আসা হয় পশ্চিম তল্লা এলাকায়। ফতুল্লার পশ্চিম তল্লা বোমওয়ালার বাড়ির খেলার মাঠে নিহতদের জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে অনেকগুলো খাটিয়া। গোসল ও জানাজা শেষে মরদেহ দাফনের জন্য প্রস্তুত স্থানীয়রা। নিহতদের মরদেহ গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করবেন ইউএনও।
স্থানীয় সূত্র জানায়, বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে শনিবার বিকেল ৫টা পর্যন্ত শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। একসঙ্গে এতগুলো মানুষ মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে পুরো এলাকায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে শনিবার এলাকার সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
বার্তাবাজার/এসজে