আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ১৯৭১ সালে যারা বঙ্গবন্ধুর কাছে হের গিয়েছিল, তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে।
শনিবার পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত সাবেক ভূমিমন্ত্রী ডিলুর স্মরণসভা ও আ’লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ যে সোনার বাংলা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, খাদ্য উদ্বৃত্তির দেশ, একটি উন্নয়নশীল দেশ। যে স্বপ্ন দেখেছিলেন শেখ মুজিব, সেই স্বপ্ন কিন্তু আজ বাস্তব রূপ দিয়েছেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএম কামাল বলেন, শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য ছিল, দেশ স্বাধীনের পর আমরা আমাদের সন্তানরা ক্লাস পাল্টে পুরাতন বই নিয়ে স্কুলে যেত। অথচ আজ প্রতিবছর আমরা নতুন বই নিয়ে স্কুলে পাঠাচ্ছি বাচ্চাদের। শেখ হাসিনার সরকার জনমানুষের প্রতিনিয়ত যুগোপযোগী চাহিদার কথা মাথায় নিয়েই মানুষের সব ধরণের সুযোগ সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন এবং আগামীর সম্ভাবনাকে এগিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দলের মধ্যে বিভেদ নয়, একসাথে পাশে থেকে দলকে শক্তিশালী করতে জনগনের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মিদের সেই মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে বহুদুর।
পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও অ্যাসোসিয়শেন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, পাবনা-২ আসনের সাংসদ ফিরোজ কবীর ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাস, পাবনা সদর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হোসেন মিন্টু ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু প্রমূখ।
বার্তা বাজার / ডি.এস