দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে গোপনে দিনের পর দিন জোরপূর্বক ধর্ষণ করে অন্তঃসত্ত্বার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যক্তি চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা মিস্ত্রি পাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে আকরাম আলী (৪৫)। এই ঘটনায় গত শুক্রবার রাত ১০ টার দিকে চিরিরবন্দর থানায় ওই পঞ্চম শ্রেণির ছাত্রীর মা মামলা দায়ের করলে অভিযুক্ত আকরাম আলীকে পুলিশ আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে ওই ছাত্রীর মা জানায়, আমার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। আমার স্বামী পেশায় একজন কাঠ মিস্ত্রি। আমি নিজেও একটি নার্সারিতে কাজ করি। প্রতিদিনের মত আমরা সকাল হলেই কাজ করতে বাড়ির বাইরে যাই। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে আকরাম আলী আমার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।
ওই মেয়ের মা অভিযোগ করেন, বিষয়টি আমার মেয়ে লোকলজ্জার ভয়ে কাউকে বলার সাহস পায় নাই। গত ৫ আগস্ট প্রতিদিনের মত সকাল ৮টার দিকে আমি এবং আমার স্বামী বাড়ির বাইরে কাজে যাই। আমরা কাজে যাওয়ার পর আমার মেয়ে আমাদের শোয়ার ঘরের মেঝেতে শুয়ে থাকা অবস্থায় আকরাম আলী চুপিসারে আমাদের ঘরে প্রবেশ করে। আমাদের ঘরে প্রবেশ করে আমার মেয়েকে জড়িয়ে ধরলে আমার মেয়ে চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে। ওই সময় আকরাম আলী আমার মেয়েকে কিছু দিনের মধ্যে বিয়ে করবে মর্মে আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় আমার মেয়ে বমি করতে ধরলে এবং মাথা ঘুরাইতেছে জানালে আমি স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারী চেকআপ শেষে আমার মেয়ে অন্তঃসত্ত্বা বলে তিনি জানান।
বিষয়টি জেনে আমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে আমার মেয়ে সবকিছু শিকার করে। পরে আমার স্বামী রফিকুল ইসলাম ও স্থানীয় কয়েকজন অভিযুক্ত আকরাম আলীর কাছে বিষয়টি জানতে চাইলে আকরাম আলী আমার মেয়েকে কয়েকদিনের মধ্যেই বিয়ে করবে বলে জানান। কিন্তু কিছুদিন অতিবাহিত হবার পর আকরাম আলী আর আমাদের পাত্তা দিচ্ছে না। উল্টো আমাদের বলছে, কি আর আছে করতে বলেন!
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, “আকরাম আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। যার মামলা নম্বর-৫। মামলা হবার পর থেকেই আমরা আসামিকে ধরতে তৎপরতা চালাই। পরে আজ শনিবার সকালে আসামি আকরাম আলীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়।”
কেএস/বার্তাবাজার