ফরিদপুরে ভুয়া চিকিৎসক আটক

ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার মসজিদ বাড়ি সড়কে অবস্থিত ল্যাব এশিয়া নামের একটি বেসরকারি হাসপাতাল থেকে কথিত ডাঃ মকবুল হোসেন জীবন র‌্যাবের হাতে আটক হয়েছে।

শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুরে সিভিল সার্জনের কার্যালয়ে কর্মরত এক চিকিৎসকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মকবুল হোসেন জীবন পাশের মাগুরা জেলার সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

‘মকবুল একজন ভুয়া চিকিৎসক’ ভ্রাম্যমাণ আদালতে এমন অভিযোগ করেন ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. নাসিমউদ্দিন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাবের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীনের নেতৃত্বে অভিযান চালিয়ে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ল্যাব এশিয়ার ম্যানেজার প্রদীপ কুমার জানান, ডাঃ মকবুল হোসেন জীবন দীর্ঘদিন ধরে আমাদের এখানে পিএইচডি ডিগ্রি আমেরিকা নিউরো মেডিসিসিনের ও মেডিসিন স্পেশালিষ্ট হিসাবে রোগী দেখে আসছেন।আমরা তো উনার কাগজপত্র দেখে এখানে প্রাকটিস করছেন। কিন্ত জানিনা উনি ভূয়া ডাক্তার কিনা।

তবে অভিযোগ অস্বীকার করে মো. মকবুল হোসাইন বলেন, তিনি ভূয়া চিকিৎসক নন। এমবিবিএসসহ যেসব বিষয়ের কথা উল্লেখ করে তিনি সাইনবোর্ড সাঁটিয়েছেন, সেসবের প্রতিটি তার আছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র তিনি ফরিদপুরে আসার সময় সঙ্গে আনেননি। তিনি ওই কাগজ দেখানোর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এক ঘণ্টা সময় চেয়েছিলেন। কিন্তু তাকে সেই সময় দেওয়া হয়নি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন জানান, ‘মকবুল তার ডিগ্রি সম্পর্কিত কোনো সনদ দেখাতে পারেননি। তিনি যে অপরাধ করেছেন, এটি স্বীকার করতে রাজি হননি। এ জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। ফলে নিয়মিত মামলার সুপারিশ করা হয়েছে। পরে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. নাসিমউদ্দিন বাদী হয়ে মকবুলকে আসামি করে ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেন।’

এ দিকে ডাঃ মকবুল হোসেন জীবনের আটকের খবর গ্রামের বাড়ি মাগুরাতে ছড়িয়ে পড়লে সেখানে মিষ্টি বিতরন করা হয়েছে বলে জানা গেছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর