পঞ্চগড়ে বৃদ্ধ ও কলেজছাত্রীর আত্মহত্যা

পঞ্চগড়ের সদর ও তেঁতুলিয়া উপজেলায় পৃথক পৃথক দুটি ঘটনায় আসির উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধ ও সুলতানা আক্তার নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের উত্তর মাটিয়াপাড়া ও তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বাংলা চন্ডী গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহত আসির উদ্দিন সদর উপজেলার উত্তর মাটিয়াপাড়ার মৃত জহুর আলীর ছেলে এবং সুলতানা আক্তার তেঁতুলিয়া উপজেলার চন্ডী গ্রামের সামিরুল ইসলাম ওরফে বাচ্চা মিয়ার মেয়ে।

সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকার ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম জানান, আসির উদ্দিন নামে ওই বৃদ্ধ ভিক্ষা বৃত্তি করে খেতেন। তিনি কানে একটু কম শুনতেন। তিনি মানসিকভাবে একটু বিকারগ্রস্থ হওয়ার কারণে প্রায়ঃশ রাস্তায় চলাচলের সময় মানুষকে উত্যক্ত করতেন। আজ নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে।

এদিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যান মো মহসিন আলী জানান, সুলতানা আক্তার নামে ওই ছাত্রীকে দেখতে এলে ছেলেপক্ষ পছন্দ না করেই চলে যায়। কয়েকদিন আগেও একটি পক্ষ তাকে অপছন্দ করে চলে যায়। এ নিয়ে পরিবারের সদস্যদের মুখে নানা রকম কথাবার্তা শুনে অভিমানে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। সুলতানা আক্তার পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিল। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে।

সংশ্লিষ্ট দুই থানার ওসি আত্মহত্যা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর