দিনের আলোয় সাংবাদিককে কুপিয়ে হত্যা: ৪ দিনের রিমান্ডে ২ জন

ঢাকার ধামরাইয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ধামরাই প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

রিমান্ডে আদেশ প্রাপ্তরা হল- জুলহাসের দ্বিতীয় স্ত্রীর আগের স্বামী শাহীন আলম ও তার সহযোগী মোয়াজ্জেম হোসেন।

আজ (শুক্রবার) আসামিদ্বয়কে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানম তাদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস থেকে নামার পরই আগে থেকে অনুসরণ করতে থাকা দুর্বৃত্তরা জুলহাসকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

হত্যার ঘটনায় জুলহাস উদ্দিনের বোন রিনা খাতুন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর