চাঁদাবাজি করে সংগঠন থেকে বহিস্কার সাঁথিয়া ছাত্রলীগের সম্পাদক হাসিবুল

ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে মারধর করেছিলেন পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা। এবার কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিস্কার করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় প্যাডে হাসিবুলকে এই নির্দেশ দেন।

জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে সাঁথিয়ার কোনবাড়ীয়া থেকে পাটগাড়ী পর্যন্ত সড়ক নির্মাণের কাজ পায় এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। গত শনিবার ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সাইটে কাজ করতে গেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা তাঁর দলবল নিয়ে কাজে বাধা দেন।

এ সময় তাঁরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন, নইলে কাজ বন্ধ করার হুমকি দেন। এ বিষয়ে সাইত ম্যানেজার প্রল্লদ কুমার থানায় অভিযোগ করতে গেলে সেখানেও হাসিবুল খান সানা গিয়ে কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বলে হুমকি-ধামকি ও গালাগাল করে ভয়ভীতি প্রদর্শন ও আবারও মারধর করেন। ফলে থানার মধ্যে থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় এম এম বিল্ডার্সের ম্যানেজার প্রল্লদ কুমার বাদী হয়ে হাসিবুল খান সানাকে প্রধান করে আরো তিনজনের নাম উল্লেখ করে ও আট-দশজনকে অজ্ঞাত আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেন। পরে পুলিশ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা সানাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর