করোনার শুরু থেকে মানুষের পাশে দাড়িয়েছেন দেশসেরা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার নড়াইলে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হবে তার ব্রেসলেট বিক্রির টাকায়। শুক্রবার বেলা ১১টায় শহরের মহিষখোলায় মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন ঘোষণা দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু, হোসাইন আহম্মেদ সোহান প্রমুখ।
ম্যাশের সেই ঐতিহ্যবাহী ব্রেসলেটটি নিলামে বিক্রি হয় ৪২ লাখ টাকায়। সেই টাকার একটা অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ করে তারই গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
বাকি ২৫ লাখ টাকা দেওয়া হবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার কাজে। এছাড়াও সাথে কয়েকজন দানবীর ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় ঘোষণা দিয়েছে। সরকারি অনুমোদন পেলেই নড়াইলে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কাজ শুরু হবে।
কেএস/বার্তাবাজার