ইউএনও’র ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করা হবে: খালিদ মাহমুদ
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘সরকারের ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। পৃথিবীর অন্যতম অগ্রসরমান অর্থনীতির নাম বাংলাদেশ। আর এই অগ্রসরমান অর্থনীতির চাকা সচল রাখতে আওয়ামী লীগ সরকারের ইশতেহার বাস্তবায়নের কাজ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আর এসব কর্মকর্তা কর্মচারীদের উপর যখন হামলা হয় তখন সরকার বসে থাকবে না। অপরাধীরা যত শক্তিশালীই হোক না তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে এসে বিচার করা হবে।
আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী এ সময় আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে এক শ্রেণির মানুষ ব্যহত করতে চায়। যারা এই দেশের উন্নয়নকে ব্যহত করার প্রচেষ্টায় নিজেদের আঁখের গোছানোর চেষ্টা করে তারাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন রকম চাপ প্রয়োগ করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চালায়। আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীদের দেশের জনগণের জন্য, দেশের জন্য এসব দুষ্কৃতিকারীদের থেকে সাবধান থাকতে হবে। দেশের উন্নয়ন বাস্তবায়নে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা দিতে হবে। জনগণের দায়িত্ব নিতে হবে।’
ঘোড়াঘাটের আহত ইউএনও’র বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে সব ধরণের চিকিৎসা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে। চিকিৎসার পাশাপাশি ইউএনও’র উপর হামলাকারীদের বিচার নিশ্চিত করা হবে।’
দেশের অর্থনীতির গতি বাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাকালীন সময়েও দেশের অর্থনীতি গতিশীল আছে। এই সময়েও সরকারের রির্জাভ ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। যেখানে পৃথিবীর অনেক রাষ্ট্র অর্থনীতিতে ধাক্কা খেয়ে মুখ থুবরে পড়েছে সেখানে আমাদের দেশের অর্থনীতিরি চাকা গতিশীল আছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি