ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় ইউনিয়নবাসী বিভিন্ন সেবা পেতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয় ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বাস্তবায়নেও ঘটছে বিঘ্নতা।
ভিজিএফ চাল বিতরণ সহ নাগরিক সেবা, ইউনিয়ন পরিষদের কার্যকরী সভা ইত্যাদি পরিচালনায় স্ব-স্ব-ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণরাও বিপাকে পড়েছেন। বর্তমানে বিভিন্ন স্থানে অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে ইউপি সেবা। এতে করে সেবা গ্রাহকরা পড়ছে বিপাকে।
জানা যায়, নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১নং বীর বেতাগৈর, ৫নং গাংগাইল, ৬নং রাজগাতী, ৮নং সিংরইল ও ১১নং খারুয়া ইউনিয়ন পরিষদের নিজস্ব নতুন ভবন আজ পর্যন্ত নিমার্ণ করা হয়নি। উক্ত ৫টি ইউপি ভবন নির্মাণ করার জন্য সরকারিভাবে বরাদ্দ আসলেও জায়গা-জমি সংক্রান্ত জটিলতায় ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছেনা।
তন্মেধ্যে গাংগাইল ইউনিয়ন পরিষদের জায়গা সংক্রান্ত জটিলতা ও রাজগাতী ইউনিয়ন পরিষদের জায়গা নিয়ে চলমান মামলা রয়েছে। ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ না হলে নাগরিক সেবা সহ সবধরনের সেবা থেকে জনগণের দূর্ভোগ লাঘব হবেনা। উক্ত ৫টি ইউনিয়নের ভূমি ও মামলা সংক্রান্ত জটিলতা ভেঙ্গে চলতি অর্থ বছরের মধ্যেই নতুন ইউপি ভবন নির্মাণ করার জন্য স্ব-স্ব-ইউনিয়নের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন জানান, বিষয়টি দেখে ব্যাবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/অমি