ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে দিনাজপুরের সুশীল সমাজের ব্যক্তিরা।
শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন করেন দিনাজপুর নাগরিক উদ্যোগ কমিটি ও স্বেচ্ছাসেবীরা।
এ সময় নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সংস্কৃতিকর্মী বাসুদেব শীলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘একজন ইউএনও’র উপর হামলার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। একই সাথে প্রশাসনের যেসব কর্মকর্তা আছেন তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ করার দাবিও জানান তারা।’
নাগরিক উদ্যোগ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তারা ভালো কাজ করলে খারাপ লোকদের ঘুম হারাম হয়ে যায়। এজন্য খারাপ লোকেরা ভালো কর্মকর্তাদের বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে। সারা বাংলাদেশের মধ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে যে ঘটনাটি ঘটে গেল তা যেনো আর পুনরাবৃত্তি না হয় সেজন্য সরকারকে এখন থেকেই এসব বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’
বার্তাবাজার/অমি