দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, নাহিদ হোসেন পলাশ (৪৫) এবং মাসুদ রানা (৪২)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাশ ওই বাসভবনের নৈশপ্রহরী এবং মাসুদ রানা ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার থেকে মাসুদকে আটক করা হয়। এর আগে পলাশকে ওসমানপর এলাকা থেকে আটক করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি।
এর আগে, এ ঘটনায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে হিলির কালিগঞ্জ এলাকায় বোনের বাড়ি থেকে আসাদুল ইসলামকে এবং জাহাঙ্গীর আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তাদেরকে রংপুরে র্যাব-১৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বার্তাবাজার/অমি