১০ মিনিটের জন্য বিদ্যুৎ গেলেই প্রতিমন্ত্রীকে ফোন দেন এমপি!

এমপি সাইফুজ্জামান শিখরের উচ্ছসিত প্রশংসা করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘মাগুরায় ১০ মিনিটের জন্য বিদ্যুৎ গেলেই এখানকার এমপি সাইফুজ্জামান শিখর আমাকে ফোন দেয়। এটি একজন এমপির দায়িত্বশীলতার অনন্য দিক’।

তিনি বৃহস্পতিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরায় স্মার্ট প্রি-পেইড পেমেন্ট বিদ্যুৎ মিটার স্থাপনের উদ্বোধনী ভার্চ্যুয়াল সভায় এ কথা বলেন।

মন্ত্রী এ সময় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ব্যাপকভাবে বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে দেশে ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নির্বিঘে বিদ্যুৎ সঞ্চালনের জন্য আন্ডার গ্রাউন্ড বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হচ্ছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এটির কাজ শেষ হবে’।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওজোপাডিকো’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান অতিরিক্ত সচিব রহমত উল্লাহ্ মোঃ দস্তগীর এনডিসি, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন, ওজোপাডিকো’র স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ পরিচালক নাজমুল হুদা, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ রতন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম,মাগুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক শামীম খান প্রমুখ। সভায় জানানো হয় প্রাথমিকভাবে মাগুরা জেলায় ১৫ হাজার ৭৭টি স্মার্ট প্রি-পেমেন্ট বিদ্যুৎ মিটার স্থাপন করা হবে। পাশাপাশি খুব দ্রত সময়ের মধ্যে বাকি ১৭ হাজার গ্রাহক এ সুবিধা পাবেন।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর