দিনাজপুরে করোনা পরীক্ষা স্থগিত

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর মেশিনে ১৮০টি নমুনা পরীক্ষার সবই পজিটিভ এসেছে। যান্ত্রিক সমস্যার কারণে এমনটি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এজন্য আজ বৃহস্পতিবার থেকে পরীক্ষা ও রিপোর্ট প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আরটিপিসিআর মেশিনে ২৪ ঘন্টায় দুই দফায় ৯০টি করে ১৮০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। বৃহস্পতিবার আরটিপিসিআর মেশিনে প্রথম দফায় ৯০টি করোনার নমুনা দিলে তার সবই পজিটিভ আসে। পরে আবারও ৯০টি নমুনা দিলে সেগুলোর রিপোর্টও পজিটিভ আসে।

এই ঘটনাটি ল্যাব সংশ্লিষ্টরা সিভিল সার্জনকে জানালে সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ ঢাকায় যোগাযোগ করেন। সেখান থেকে পিসিআর মেশিনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে জানিয়ে ওই মেশিনে নমুনা পরীক্ষা স্থগিত রাখার পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী ওই মেশিনে নমুনা পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন সিভিল সার্জন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘আরটিপিসিআর মেশিনটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তাই আপাতত নমুনা পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ঢাকা থেকে একটি দল এসে মেশিনটি ঠিক করবেন। এখন যেসব নমুনা সংগ্রহ করা হয়েছে তা ঢাকায় পাঠিয়ে রিপোর্ট আনার ব্যবস্থা করা হচ্ছে।”

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর