টাঙ্গাইলে বৃদ্ধা শ্যামলা বেগমের ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ এবং ভুক্তভোগী গ্রাহকদের সমস্যার সমাধানের লক্ষ্যে মানববন্ধন করেছে ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাব্বির হোসেন শুভ,সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ তুষার,সাংগঠনিক সম্পাদক সাজন সরকার,পরিবেশ বিষয়ক সম্পাদক মানস বিশ্বাস তাপস ও সদস্য নাজিউর রহমান আকাশ প্রমুখ।
উল্লেখ্য,জেলার বাসাইলে বিদ্যুৎ সংযোগ না দিয়েই মৃত আব্দুল সবুরের স্ত্রী শ্যামলা বেগমের নামে এক লাখ ১৪ হাজার ৬শ’ ২৭ টাকা বিদ্যুৎ বিল দেখিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী দপ্তরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বিউবো) এর সহকারী প্রকৌশলী সাইমুম শিবলী বাদী হয়ে ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আদালতে মামলাটি দায়ের করেন। ফলে নিরীহ শ্যামলা বেগম চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর বিবাদী বৃদ্ধা শ্যামলা বেগমকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।এবিষয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এরআগে ঘটনার তীব্র প্রতিবাদ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বার্তা বাজার / ডি.এস