অপরিচিত নাম্বার থেকে নোবিপ্রবি ভিসিকে স্বপরিবারে হত্যার হুমকি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো দিদার-উল-আলমের কাছ থেকে অপরিচিত নাম্বার থেকে ফোন কলে চাঁদা দাবী করেছে অজ্ঞাত ব্যক্তি। এসময়ে উপাচার্য ড. মো. দিদার-উল-আলম টাকা দিতে অসম্মতি জানালে তাঁকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম এ বিষয়ে বলেন, গত ১৮ আগস্ট (মঙ্গলবার) ০১৮২৬৭৫২৬১৪ নাম্বার থেকে ফোন কলে নিজেকে সর্বহারা জলদস্যু নেতা মহিউদ্দিন পরিচয় দিয়ে আমার কাছ চাঁদা দাবী করেন। এসময় টাকা দিতে অস্বীকার করলে মহিউদ্দিন নামধারী ওই ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং স্বপরিবারে হত্যার হুমকি দেয়।

ড. মো দিদার-উল -আলম আরো বলেন, এ ঘটনায় নিরাপত্তার জন্য তিনি ধানমন্ডি মডেল থানায় তাৎক্ষণিক একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে জীবননাশের হুমকি প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

উপাচার্য বলেন, ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া ফোন ট্র্যাকিং করে জানতে পেরেছেন এই নাম্বারটি ঢাকার পল্লবী থানার নেটওয়ার্কের অধীনে রয়েছে। তবে এ পর্যন্ত দোষীদের সাব্যস্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এই ঘটনার পর গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) নোবিপ্রবি উপাচার্যের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। তার আইডি থেকে পরিচিত বেশ কয়েকজনকে ইনবক্সে ম্যাসেজ দিয়ে (০১৮৮৯৬৭৭২৬৪) উক্ত নম্বরের বিকাশে ২ হাজার টাকা পাঠাতে বলা হয়েছে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে আইডি হ্যাকের বিষয়টি জানিয়ে দিয়ে উক্ত আইডির ম্যাসেজ এড়িয়ে যেতে অনুরোধ করেন উপাচার্য। উপাচার্যের ব্যক্তিগত সচিব আবু জুবায়ের নোয়াখালীর সুধারাম থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর