রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন দুর্বৃত্তদের আঘাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম কথা বলতে পারছেন। তার অবস্থা স্থিতিশীল হলে রাত ৯টার দিকে মাথায় অস্ত্রোপচার হতে পারে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার শারীরিক অবস্থা দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেন ফরহাদ হোসেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনওর সঙ্গে কথা বলার বিষয়টি জানান।
তিনি বলেন, ইউএনও ওয়াহিদা খানম আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সেন্স আছে এবং স্পষ্ট কথা বলতে পারছেন। তাকে যখন হাসপাতালে আনা হয় তখনকার চেয়ে এখন অনেক স্টেবল। তার প্রেশারটা আপ-ডাউন করছে। যদিও সাক্ষাৎকারের সময় তার প্রেশার ৮০ বাই ১২০ এর মধ্যে ছিল। অক্সিজেন ৯৭ থেকে ৯৯ ভাগ রয়েছে।
‘তার মাথার বাঁ দিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান পাশের কিছু অংশ প্যারালাইজড অবস্থায় আছে। প্রেশারসহ সব প্যারামিটার ভালো হলে আশা করা যায় আজ রাত ৯ টায় তার অপারেশন হবে। ’
উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে কি-না, জানতে চাইলে তিনি বলেন, তার অবস্থা আগের চেয়ে ভালো। প্রয়োজন হলে সবকিছুই করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি