খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করলেন আদালত

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড ঘটনায় মদদদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করে যে মামলা করা হয়েছে তা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিচারক দেবব্রত বিশ্বাসের আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন জমা দেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এরপর আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরে আদেশ দেওয়ার কথা জানান। পরে বিকেলে মামলাটি খারিজ করে দেন।

মামলার বাদী এ বি সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে রিভিউ করবেন তিনি।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল ইন্ধনদাতা খালেদা জিয়া। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই গ্রেনেড হামলা করা হয়েছিলো এবং যার পরিকল্পনাকারী ইন্ধনদাতা খালেদা জিয়া নিজেই। আসামি মুফতি হান্নানের জবানবন্দিতে তা প্রকাশ পেয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মেজর জিয়া যেভাবে আড়াল থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলায় হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন খালেদা জিয়া। মামলার আবেদনে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১৪৯ ধারায় অভিযোগ আনা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে।

ওই হামলার শিকার শেখ হাসিনাসহ পাঁচ ব্যক্তিকে এই মামলার সাক্ষী হিসেবে উল্লেখ করা হয় আবেদনে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর