ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি বিজয় টেলিভিশনের জুলহাস উদ্দিন (৩৫) নামে এক সাংবাদিককে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন। তিনি বলেন, তার মারা যাবার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পারিবারিক কলহের জেরে জুলহাসের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী শাহিন ও তার সহযোগী মোয়াজ্জেম মিলে ছুরিকাঘাত করেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পর পরই পুলিশের একাধিক দল নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করি এবং হত্যার সাথে জড়িত দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়িটিও উদ্ধার করা হয়েছে।
এঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
কেএস/বার্তাবাজার