কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার, রৌমারী কলেজ পাড়া গ্রামে সোনাবরি নদীর সুইস গেটের ৫০০ গজ দক্ষিণে পানিতে ডুবে ৩ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সিয়াম (১৩), দীনা খাতুন (১২) ও হামিম (১৬) এবং তাকিয়াসহ ৪ ভাইবোন মিলে বাড়ির পাশে সোনাভরি নদীতে গোসল করতে যায়। এসময় দীনা পানিতে ডুবে যায়।
তাকে উদ্ধার করতে অপর দু’ভাইবোন এগিয়ে গেলে তারাও পানিতে ডুবে যায়। এমতাবস্থায় তাদের বড়বোন তাকিয়া খাতুনের আত্মা-চিৎকারে স্থানীয় হেলাল, আবির উদ্দিন, জসিম ও নয়ন নামের গ্রামবাসী এগিয়ে এসে ৩জনকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে পাঠিয়ে দেন।
রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু তিন জনকে মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন, ঢাকা জেলার অলি উল্ল্যাহর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী দীনা পারভীন, উপজেলার কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে নবম শ্রেণীর ছাত্র হামিম ও কলেজপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র সিয়াম।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দেলোয়ার হাসান ইনাম ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে আসেন এবং মৃত শিক্ষার্থীর স্বজনদেরকে স্বান্তনা দেন।
কেএস/বার্তাবাজার