লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে মোটামুটি ৬টি কারণ পাওয়া গেছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো- বার্সার ভালো ভবিষ্যৎ দেখছেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। কাতালানরা দাঁড় করাতে পারেনি মানসম্মত প্রজেক্ট। দলবদলের ক্ষেত্রেও শোনা হয়নি তার পরামর্শ।
মেসি মনে করেন, বার্সেলোনা গেল ৫ বছরে অনেক ফুটবলার কিনেও একটা শক্তিশালী দল দাঁড় করাতে পারেনি। সিনিয়র ফুটবলারদের সময় ফুরিয়ে আসতেই তাই বার্সার ভেঙে পড়ার জো! এই ৫ বছরে বার্সা দলে ভিড়িয়েছে ২৭ ফুটবলার। তার মধ্যে অধিকাংশই ভুল সাইনিং।
বার্সেলোনার করা ১৬টি ভুল চুক্তির কথাও তুলে ধরেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। এ কারণে লিওনেল মেসির মতো তারকাকে আজ বার্সা ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে মনে করে সংবাদ মাধ্যমটি।
মার্কা বলছে, ১. অ্যালেক্স ভিদাল (১০ মিলিয়ন ইউরো, ২০১৫), ২. আর্দা তুরান (৪০ মিলিয়ন, ২০১৫), ৩. স্যামুয়েল উমতিতি (২৫ মিলিয়ন, ২০১৬), ৪. আন্দ্রে গোমেজ (৩৭ মিলিয়ন, ২০১৬), ৫. নেলসন সেমেদো (৩০ মিলিয়ন, ২০১৬), ৬. লুকাস ডিগনি (১৭ মিলিয়ন, ২০১৬), ৭. পাকো আলকাসের (৩০ মিলিয়ন, ২০১৬), ৮. পাউলিনহো (৪০ মিলিয়ন, ২০১৭), ৯. ফিলিপে কুতিনহো (১৪৫ মিলিয়ন, ২০১৭), ১০. উসমান ডেম্বেলে (১৩৮ মিলিয়ন, ২০১৭), ১১. ইয়ারি মিনা (১১ মিলিয়ন, ২০১৮), ১২. ম্যালকম (৪১ মিলিয়ন, ২০১৮), ১৩. আর্তুরো ভিদাল (২০ মিলিয়ন, ২০১৮), ১৪. ক্লিমেন্ট লিংলেট (৩৬ মিলিয়ন, ২০১৮), ১৫. জুনিয়র ফিরপো (১৮ মিলিয়ন, ২০১৯), ১৬. অ্যান্তোনিও গ্রিজম্যানের (১২০ মিলিয়ন, ২০১৯) ক্ষেত্রে বার্সা ভুল চুক্তি করেছিল।
মার্কা আরও বলছে, বার্সা এতো এতো ফুটবলারের পেছনে অহেতুক অর্থ ঢেলেছে। অনেকের বিষয়ে ঠিকমতো খোঁজ-খবরও নেয়নি। তাদের খেলার ধরন বিশ্লেষণ করেনি। তাছাড়া বার্সা তরুণ প্রতিভা টানতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়ে মেসিকে অন্য পথ দেখতে হচ্ছে!
বার্তাবাজার/কে.জে.পি