সাম্প্রদায়ীক বিবেচনায় ভিন্ন ফি গ্রহনের প্রক্রিয়া বন্ধ, সমহারে উন্নয়ন ফি গ্রহনের আশ্বাস

খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে মুসলিম-অমুসলিম বিবেচনায় ৫০ টাকা কম বেশি ফি নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এখন সবার জন্য সমান হারেই টাকা নেওয়া হবে বলে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, গত গত ১লা সেপ্টেম্বর উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তির এক বিজ্ঞপ্তিতে দেখা যায় মুসলিম শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭৮০ টাকা ভর্তি ফি ধরা হলেও, অমুসলিমদের জন্য ধরা হচ্ছে ২ হাজার ৭৩০ টাকা। যেখানে মুসলিমদেরকে ৫০ টাকা বেশি ফি দিয়ে ভর্তি হওয়ার নির্দেশ দেয়া হয়।

আবার গত ৮ জানুয়ারি অনার্স ২য় বর্ষের ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতেও দেখা যায় মুসলিমদেরকে প্রতি বিষয়ে ৫০ টাকা বেশি দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি জানানো হয়। তবে কোনো বিজ্ঞপ্তিতেই ৫০ টাকা কম বেশি নেওয়ার কারণ উল্লেখ করা হয়নি।

৫০ টাকা কমবেশি হওয়ার কারণ উল্লেখ না করায় সাধারণ মানুষের কাছে বিষয়টি স্পষ্ট ছিল না। তাই বিতর্কের শুরু হয়েছিল। আসল কারণ হচ্ছে, বাড়তি ৫০ টাকা মুসলিমদের মসজিদ উন্নয়নের জন্য নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটিতে কোনো মন্দির না থাকায় অমুসলিমদের কাছ থেকে বাড়তি ৫০ টাকা ফি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সরকারি সুন্দরবন আদর্শ কলেজের হেড ক্লার্ক খান জাফর ইকবাল বার্তা বাজারকে জানান, ‘যেহেতু মুসলিম ধর্মীয় শিক্ষার্থী ছাড়া অন্যদের জন্য আমাদের প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় উপাসনালয় নেই তাই বাকিদের কাছ থেকে ৫০ টাকা কম নেওয়া হতো। কিন্তু বিষয়টা নোটিশে উল্লেখ না করায় না বুঝে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম্যে নিন্দা জানাচ্ছেন। তাই সকলের স্বার্থে, প্রিন্সিপ্যাল স্যারের পরামর্শক্রমে এখন থেকে সবার কাছ থেকেই ৫০ টাকা বেশি নেওয়া হবে’।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর