মুখ ঢেকে সন্ত্রাসীরা প্রথমে কুপিয়েছে ইউএনওকে, পরে তার বাবাকে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে (৩৫) বুধবার দিবাগত রাত ২ টার দিকে সরকারী বাসভবনের ভেন্টিলেটর ভেঙে অজ্ঞাতনামা একজন ব্যক্তি মুখ ঢেকে কুপিয়েছে। মেয়েকে কোপানের পর বাবা ওমর আলী বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁকেই কুপিয়ে জখম করেছে বলে জানান রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় থাকা ইউএনও’র বাবা ওমর আলী।

বুধবার দিবাগত রাতে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীকে কোপানোর পর আজ বৃহস্পতিবার সকালে বাসায় কোন সারা শব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ইউএনও এবং তাঁর বাবাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে ইউএনওকে রংপুর ডক্টর’স ক্লিনিকের আইসিসিউতে ভর্তি করানো হয়। আর বাবা ওমর আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রংপুরে ইউএনও’র অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে দুপুর ১ টার দিকে এয়ার এম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী বলেন, “রাত দুইটার দিকে আমার মেয়ের রুমে হঠাৎ করে চিৎকারের শব্দ শুনতে পাই। আমি বিছানা থেকে উঠে আমার মেয়ের রুমের দিকে যেতেই কালো কাপড়ে মুখ চোখ ঢাকা একজন সন্ত্রাসী আমাকেও কোপাতে থাকে। আমি আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে ভর্তি।”

এদিকে ঘোড়াঘাট উপজেলায় এই ঘটনার কারণ জানতে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনসহ র্যাবের কর্মকর্তারা সিসিটিভির ফুটেজসহ আনুসাঙ্গিক বিষয়ে যাচাই বাছাই করছেন।

তবে কি কারণে ইউওএন’র উপর এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তা এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

ইউএনও’র বাবা ওমর আলী বলেন, “আমাদের কারো সাথে শক্রতা নেই। কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে আমরা সেটাও জানি না।”

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, “ঘটনার কারণ জানার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে কি কারণে ইউএনও মহোদয় ও তাঁর বাবাকে সন্ত্রাসীরা হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর