দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ দুপুরে এয়ার অ্যাম্বুল্যান্সে রংপুর মেডিকেল থেকে আশঙ্কাজনক অবস্থায় ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় রাজধানীতে। কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এইসব তথ্য জানিয়েছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ইউএনও ওয়াহিদা খানম ঘোড়াঘাটেই তার সরকারি বাসভবনে তার বাবার সাথে থাকতেন। তার স্বামীও অন্য একটা উপজেলার নির্বাহী কর্মকর্তা। তিনি তার কর্মস্থলেই থাকেন। গতরাত ৩ টার দিকে ওয়াহিদার বাসভবনের দু’তলার বাথরুমের ভেন্টিলেটর ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে দুজন দুর্বৃত্ত। পরে হাতুড়ি দিয়ে তাকে মাথার পেছনে আক্রমণ করেন। এতে তিনি গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণ হয় তার।
প্রতিমন্ত্রী বলেন, প্রথমে তাকে রংপুর মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়। তার চিকিৎসা চলছে। তিনি গুরুতর পর্যায়ে আহত হয়েছেন। এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক এখনও ঘটনাস্থলে আছেন।
তিনি বলেন, সেখানে পুলিশ সুপারসহ পুলিশের হাই পাওয়ার একটি দল সেখানে কাজ করছে। বাসার সিসিটিভি ফুটেজে দু’জনকে দেখা গেলেও তারা মুখোশ পরিহিত থাকায় চেনা যাচ্ছে না। তবে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করে হামলাকারীদের শনাক্ত করা হবে। আমরা ওয়াহিদা খানমের সবচেয়ে ভাল চিকিৎসার ব্যবস্থা করবো। বিষয়টা খুবই দুঃখজনক।
বার্তাবাজার/জুলভার্ন